ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

ads

দলীয় রাজনীতি ও সরকারের মধ্যকার দূরত্ব বজায় রাখতে এবং সুশাসন নিশ্চিত করতে নিজের দলীয় পদ ছেড়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছেন তিনি। তার পরিবর্তে দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 


সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি তার এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ ব্যাখ্যা করে বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রাজনৈতিক দল ও সরকারকে সব সময় আলাদা রাখা জরুরি। ক্ষমতার অপব্যবহার রোধ এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিতেই আমি দলীয় প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্বটি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি।”


সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রক্রিয়া ও রূপরেখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে তিনি বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনও নানামুখী সুস্থ বিতর্ক চলমান রয়েছে। তবে যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রেই এর চূড়ান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ মতামতই সবসময় প্রাধান্য পাবে।


উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি বিপুল জনসমর্থন নিয়ে পুনরায় দলটির প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছিলেন। সেই সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের একটি  নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটিও গঠন করা হয়েছিল।


পরবর্তীতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন বৃহৎ জোটের অন্যতম শরিক দল হিসেবে অংশ নেন তিনি। গণসংহতি আন্দোলনের নিজস্ব প্রতীক ‘মাথাল’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি।


জাতীয় রাজনীতিতে রাজপথের লড়াকু এই নেতার ত্যাগের মূল্যায়ন করে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তাকে প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে কাজের পরিধি ও গতিশীলতা বাড়াতে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর একক দায়িত্বে বহাল রাখা হয়। 


ads
ads
ads

Our Facebook Page